রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সফরে মঙ্গলবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি ও তিনস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ও পুলিশ প্রশাসন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.) মাজার এলাকার প্রস্তুতি ও উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় রাষ্ট্রপতির নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনার মতামত দিন