দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নতুন করে ছয়জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৫২ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৫৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৮৩৭ জনে পৌঁছেছে। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন, যার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৬২৭ জন।
এছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৭৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার মতামত দিন