হোম / জাতীয় / সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: বাড়ছে ভ...
জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: বাড়ছে ভাতা ও সুযোগ-সুবিধা

ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৪৪ পূর্বাহ্ন
৫৩ বার পঠিত
ফন্ট:
নতুন বেতন কাঠামোতে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধায় ব্যাপক পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।

নতুন বেতন কাঠামোতে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধায় ব্যাপক পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা বৃদ্ধির পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকি ও বিশেষ ভাতাও বাড়ানোর সুপারিশ করা হলেও কমানো হয়েছে বাংলা নববর্ষের ভাতা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের (২০২৭ সাল) ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে কার্যকর করা হবে। তবে বিভিন্ন ভাতা চালুর বিষয়টি ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির কাজ করছে অর্থ বিভাগ এবং শিগগিরই এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় যে পরিবর্তনগুলো আসছে—

বাড়িভাড়া বৃদ্ধি: ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

চিকিৎসা ভাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ভাতাও বৃদ্ধি পাবে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা দেওয়া হবে।

নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধি: নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৩ ও ৪-এ ৩.৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২.৭৫ শতাংশ বৃদ্ধির হার নির্ধারিত হয়েছে।

মোবাইল ভাতা: সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর প্রস্তাব রয়েছে। এর মধ্যে গ্রেড-৫ ও তদূর্ধ্ব পদে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা করে এই ভাতা দেওয়া হবে।

যাতায়াত ও অন্যান্য ভাতা দ্বিগুণ: বর্তমান ৩০০ টাকার যাতায়াত ভাতা বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা: বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য সর্বোচ্চ দুই সন্তানের বিপরীতে প্রতি মাসে ৩ হাজার টাকা করে নতুন ভাতা চালু করা হচ্ছে।

বাংলা নববর্ষ ভাতা হ্রাস: মূল বেতনের ২০ শতাংশ হারে প্রদত্ত বাংলা নববর্ষ ভাতা কমিয়ে নতুন কাঠামোয় ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ঝুঁকি ও বিশেষ ভাতা: প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ এবং ক্ষেত্রবিশেষে ঝুঁকি ও বিশেষ ভাতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন ও উৎসব ভাতা আগের হারেই বহাল থাকছে।

পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা: পাহাড়ি এলাকার চাকরিজীবীদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলা সদর ও সদর উপজেলায় এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় ৫ হাজার ২০০ টাকা নির্ধারিত হয়েছে। হাওড়, দ্বীপ ও চর এলাকার ভাতা ২০ শতাংশ থাকলেও এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা করা হয়েছে।

পেনশন ও গ্র্যাচুইটি পরিবর্তন: ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হবে।

সামরিক বাহিনীর ভাতা বৃদ্ধি: প্রতিরক্ষা, কিট, ডেঞ্জার মানি, দোভাষী ও শিক্ষকতা ভাতাসহ সশস্ত্র বাহিনীর বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

এই নতুন বেতন কাঠামো সম্পূর্ণ বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষার পাশাপাশি জীবনযাত্রার মানেও বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+