সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুর ১টা ১৫থেকে ১টা ২০মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সুপ্রিম কোর্টের মূল গেটের সামনে এসে সড়কে একটি ককটেল নিক্ষেপ করেন এবং দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।
ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। চাঞ্চল্যকর এই রায় ঘোষণার ঠিক পরপরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটল।

আপনার মতামত দিন