জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালের পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপনার মতামত দিন