তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তাঁর নেতৃত্বে ২২ সদস্যের মার্কিন নৌবাহিনীর একটি প্রতিনিধিদল এই সফরে অংশ নিচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই মার্কিন নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তার আগমন ঘটল। পরপর দুটি উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা এবং কৌশলগত সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে।
ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানান, সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন। এতে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং পেশাগত সামরিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও সামরিক কৌশলবিদ অ্যাডমিরাল কোহলারের এই সফর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব এবং ওয়াশিংটন-ঢাকার প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি স্পষ্ট বার্তা দেয়।

আপনার মতামত দিন