নানামুখী আলোচনা ও সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে বিলুপ্ত হয়েছে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন’ বা র্যাব। এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত এই বাহিনী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু করার কথা নিশ্চিত করেছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। গণমাধ্যমকে তিনি জানান, এসআরবি নামে গেজেট প্রকাশের পর আজ থেকেই নতুন নামে সমস্ত দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বাহিনীর নতুন সংবাদ বিজ্ঞপ্তিতেও অপরিবর্তিত লোগোর জায়গায় ‘এসআরবি বাংলাদেশ’ নাম ব্যবহার করা শুরু হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিরোধী দলের আপত্তির মধ্যেও র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। পরবর্তীতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি চূড়ান্ত আইনে রূপ নেয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাব গঠিত হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিছু সাফল্য থাকলেও পরবর্তীতে বিচারবহির্ভূত হত্যা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়ে বাহিনীটি। ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। শেষ পর্যন্ত বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনীকে বিলুপ্ত না করে কাঠামোগত সংস্কার ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে এসআরবি নামে মাঠে রাখল।

আপনার মতামত দিন