সুইডেনের সংসদ নির্বাচনে ক্ষমতার পালাবদলের আভাস মিলেছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছে মধ্য-বামপন্থী বিরোধী জোট।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটির তথ্য অনুযায়ী, রবিবারে অনুষ্ঠিত নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল সামনে এসেছে। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ২৬ হাজার ১৬৯টি।
এখনো ১ শতাংশেরও কম ভোট গণনা বাকি থাকলেও, বিরোধীদলীয় নেতা ও সোশ্যাল ডেমোক্র্যাট প্রধান ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন জোট ৩৪৯ আসনবিশিষ্ট পার্লামেন্টে ১৭৫টি আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট—যেটিতে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও অন্তর্ভুক্ত—পেতে পারে ১৭৪টি আসন।
এসভিটি জানিয়েছে, এই ব্যবধানে ফলাফলের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি প্রায় নিশ্চিত।
বর্তমানে নির্বাচন কর্তৃপক্ষ দেশের ভেতর এবং বিদেশ থেকে আসা বাকি ব্যালটগুলো গণনা করছে। সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন