দেশে ডেঙ্গুর বিস্তার যেন কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা এবং অপরজন রংপুর বিভাগের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ২৫২ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।
বিভাগভিত্তিক নতুন ভর্তির চিত্র:
খুলনা বিভাগ: ২৫২জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ২২৭ জন, বরিশাল বিভাগ: ২১১জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২০৭জন, চট্টগ্রাম বিভাগ: ১৯২জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশন বাদে): ১৯০জন, রাজশাহী বিভাগ: ১০২জন, ময়মনসিংহ বিভাগ: ৬৪জন, রংপুর বিভাগ: ৩৫জন, সিলেট বিভাগ: ৪ জন।
চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুর তাণ্ডব মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে যেখানে ৩৬জন এবং আগস্টে ৪৩জনের মৃত্যু হয়েছিল, সেখানে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন ডেঙ্গু রোগী।
বছরের শুরু থেকে ১৭সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

আপনার মতামত দিন