হোম / আইন-আদালত / হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়ে আপিল...
আইন-আদালত

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়ে আপিল করবে প্রসিকিউশন

ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৪৬ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই অভ্যুত্থান দমনকালে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই দণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে প্রসিকিউশন পক্ষ।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের আনা আটটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে ইনুকে দোষী সাব্যস্ত করা হয়েছে:

৩ নম্বর অভিযোগ: রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও আহত করার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

৬ নম্বর অভিযোগ: অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সংযোগের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড।

৭ নম্বর অভিযোগ: অপরাধের ষড়যন্ত্রের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড।

আদালত রায়ে স্পষ্ট করেছেন যে আসামির ওপর আরোপিত সব সাজা যুগপৎ (একসঙ্গে) চলবে। ফলে তাকে সামগ্রিক বিচারে ১০ বছর কারাবাস করতে হবে। তবে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার আইনি সুযোগ রয়েছে।

২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু হয়ে ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল হয় এবং একই বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষী এবং আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, বর্তমানে তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮৭টি মামলা এবং দুদকে একটি মামলা চলমান রয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+