দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করেছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের রবিবার বিকেলের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি প্রাদুর্ভাবে দেশে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জনের ক্ষেত্রে হামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৫৬২ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আর সন্দেহজনক রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।
চিকিৎসা ও হাসপাতাল ভর্তির চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী।
হামের প্রকোপ ও প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকাসহ পুরো ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৪৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ঢাকা জেলায় মারা গেছেন দুজন। এ নিয়ে কেবল ঢাকা বিভাগেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ জনে। এছাড়া শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগের পরেই রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ; গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৯ জন এবং সিলেটে ১৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

আপনার মতামত দিন