দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ মামলায় নজরুলের শ্যালক ওবায়দুল রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রোববার গভীর রাতে নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এমপি গাজী নজরুলের ওই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের দলও তদন্ত চালায়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। গত জুলাই মাসে তাঁর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে এবং স্পিকার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করে।

আপনার মতামত দিন