হামের পাশাপাশি দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এবং হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৯০ জন। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরে এসে তা মারাত্মক আকার ধারণ করেছে। এ পর্যন্ত জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩জনের মৃত্যু হয়েছে। তবে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই মারা গেছেন ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৭জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরে দেশের বিভিন্ন এলাকায় ভর্তি হয়েছেন ২৮১জন।
রাজধানীর বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৩১৪জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি খুলনা বিভাগে ২৭১, বরিশাল বিভাগে ২১৭, রাজশাহীতে ১৪৬, ময়মনসিংহে ৪৩, রংপুরে ৪১ এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে মোট ৬৩ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৫৯ হাজার ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার মতামত দিন