সরকারি হাসপাতালের সামনে এখন থেকে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে, যা পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি বর্তমানে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু আছে, সেগুলো যথাযথভাবে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে কঠোর হাতে বন্ধ করে দেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীতকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এ সময় তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে এই হাসপাতালে একসঙ্গে ১০ জন রোগীর ডায়ালাইসিস সেবা চালুর পাশাপাশি একটি আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন করা হবে। এছাড়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টারও চালু করা হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন