ডেঙ্গু চিকিৎসায় ভুল ব্যবস্থাপনা রোধ ও মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনতে দেশের ৪০টি জেলার ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের নির্দেশনায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও জ্যেষ্ঠ চিকিৎসকদের পরিচালনায় জরুরি ভিত্তিতে এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, “চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণহানি না ঘটে, সে জন্য বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।”
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন। প্রতিমন্ত্রী জানান, মূল প্রশিক্ষণের পূর্বে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে তিন শ জ্যেষ্ঠ চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছিল। এখন সেই প্রশিক্ষকরাই দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সীমিত সুযোগ-সুবিধা ও রোগীর তীব্র চাপের মধ্যেও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশকে সুস্থ করে তোলার ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ধরনের ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় এবং তাদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন