পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। এইদিন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সংশোধিত ছুটির তালিকা থেকে জানা গেছে।
এর আগে ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করে। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সংশোধনী আনা হয়।
এই ছুটির আওতায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
ফারসি শব্দ ‘ইয়াজদাহম’-এর অর্থ এগারো এবং ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা শরিফকে বোঝানো হয়। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখ ইসলাম ধর্মের প্রচারক ও সুফি সাধক বড়পীর হজরত আব্দুল কাদের জিলানির (রহ.) ওফাত দিবস হিসেবে দিনটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার বিশেষ অবদান রয়েছে এবং দিনটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

আপনার মতামত দিন