পাসপোর্ট হারানোর বা নষ্ট হওয়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৭ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নিয়ম জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, দেশে প্রথমবারের মতো পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হলে পুনঃইস্যুর ক্ষেত্রে কেবল নির্ধারিত ফি দিতে হবে; এজন্য কোনো অতিরিক্ত দণ্ড ফি লাগবে না। তবে দ্বিতীয়বার কিংবা তার বেশি প্রতিবার পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি পরিশোধ করতে হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো বা নষ্ট হওয়ার কথা বলে পুনঃইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট অত্যন্ত সংবেদনশীল একটি ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মতো গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই নিরাপত্তা শঙ্কা বিবেচনা করেই এ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি রিপোর্ট করতে হবে। পাশাপাশি অবিলম্বে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন