নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক রাজকীয় নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে জাতিসংঘের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সার্বিক অগ্রগতি ও কূটনৈতিক সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ এবং জনগণের গণতান্ত্রিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, রাজনৈতিক সম্পর্ক এবং সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে একটি নিজস্ব কার্যালয় খোলার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে প্রতিষ্ঠানটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি সাইডলাইন বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।
নিউইয়র্ক সফরে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, বিশ্বনেতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধারাবাহিক বৈঠকগুলো দেশের অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন