হোম / জাতীয় / শাহ আমানতে অন্তর্বাসে মিলল ৩ কোটি টাকার স্বর্...
জাতীয়

শাহ আমানতে অন্তর্বাসে মিলল ৩ কোটি টাকার স্বর্ণ, আটক ১

ডেস্ক রিপোর্ট
০৩ আগস্ট, ২০২৬ | ০৬:৩১ পূর্বাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ওই যাত্রীকে আটক করার পাশাপাশি তাঁর পাসপোর্ট, মোবাইল ফোন ও বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ তুসারকে বিমানবন্দরের যৌথ তদারকি টিম নজরদারিতে রাখে। পরবর্তীতে কাস্টমস হলে তাঁর দেহ তল্লাশি করা হলে অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত এই ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আটককৃত যাত্রী মোহাম্মদ তুসারের বাড়ি কুমিল্লার দিঘলগাঁও পিপুলিয়া বাজার এলাকায়।

বিজ্ঞপ্তিতে আল আমিন শেখ জানান, বিমানবন্দরের নিরাপত্তা নজরদারি ফাঁকি দিতে স্বর্ণ গলিয়ে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসে লুকিয়ে আনা হয়েছিল। তবে কাস্টমস গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের সমন্বিত অভিযানে সেই অভিনব কৌশল নস্যাৎ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: চোখে ব্যান্ডেজ বেঁধে এনসিপি নেতা নাসীরুদ্দীনের অভিনব প্রতিবাদ

এ ঘটনায় কাস্টমস আইন ২০২৩ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ব্যবহার করে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সিআইআইডি সূত্রে জানানো হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+