নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি চাকরিজীবীদের জন্য চালু থাকা বিশেষ প্রণোদনা বাতিল হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও উচ্চপদস্থ কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হচ্ছে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ এবং সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদিত হয়। নতুন এই কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক-বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও সুবিধাভোগী উপকৃত হবেন। ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর ধরা হলেও আর্থিক সক্ষমতা বিবেচনায় মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে জাপান গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
এদিকে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্টের হারে পরিবর্তন আনা হয়েছে। গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত ইনক্রিমেন্ট ৫ শতাংশ বহাল থাকলেও, উচ্চ গ্রেডগুলোতে তা কমানো হচ্ছে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও সমহারে ক্যাপ্টেন ও নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হবে।

আপনার মতামত দিন