আগামী ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এর পাশাপাশি তার তৎকালীন ঐতিহাসিক ডায়েরির একটি ছবিও বইটিতে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিযুদ্ধের সঠিক ও নির্মোহ ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
এনসিটিবি ও কারিকুলাম সংশ্লিষ্টরা জানান, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের ২২ নম্বর গদ্যের লেখক পরিচিতিতে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জেড ফোর্সের অধিনায়ক, ১ নম্বর সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধটির শুরুতে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়; বরং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাজউদ্দীন আহমেদসহ জাতীয় নেতৃবৃন্দের অবদান এতে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে জাপান গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
১৯৭২ সালে ‘একটি জাতির জন্ম’ ও ১৯৮০ সালে ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নামে প্রকাশিত নিবন্ধগুলোতে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহের সূচনা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখসমরের আত্মত্যাগের বিবরণ স্থান পেয়েছে। শিক্ষা সচিব আবদুল খালেক আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

আপনার মতামত দিন