হোম / জাতীয় / আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়ী হাফেজদের...
জাতীয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:২৯ পূর্বাহ্ন
১০৯ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার বলে যা কিছু ভালো অর্জন করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন।’ মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হলে এর সুফল পুরো দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম পাবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার গঠনের পর থেকেই মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের এই সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও বিজয়ী হাফেজদের পক্ষ থেকে কিছু সমস্যা তুলে ধরা হলে প্রধানমন্ত্রী তা গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি দেশের শান্তি প্রতিষ্ঠা এবং জনকল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সরকারের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে হাফেজরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে সূরা তিলাওয়াত করে পুরস্কার অর্জন করেছিলেন, তার কিছু অংশ তিলাওয়াত করে শোনান। পরে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের হাতে বিশেষ উপহার হিসেবে বই তুলে দেন।

আরও পড়ুন: নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম আরও বাড়াল সরকার

উল্লেখ্য, সৌদি আরবের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হন হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী। অন্যদিকে, নারীদের বিভাগে হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিজয়ী হাফেজদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 

মাতৃভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+