দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪৩ জন রোগী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ল্যাব পরীক্ষায় নতুন করে ৬১ জনের শরীরে রোগটির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে গত ১৫মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। এর মধ্যে ২০ হাজার ৩৪৩ জনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করবেন রাশমিকা মান্দানা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ৯৪৬ জন শিশুর প্রাণহানি ঘটেছে। পাশাপাশি, ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে মারা গেছেন ১০০ জন। অর্থাৎ, এই ভাইরাসে ও এর উপসর্গজনিত জটিলতায় গত সাত মাসে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
পরিসংখ্যানে আরও দেখা যায়, এই সময়ের মধ্যে হাসপাতালে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন